আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৭ জেলায় ধারাবাহিক নির্বাচনি সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে শুরু হবে এই সফর, যা ঢাকার বাইরে তার প্রথম রাজনৈতিক সফর হিসেবে বিবেচিত হচ্ছে।সূত্র জানায়, সফরের প্রথম দিনে তারেক রহমান সিলেটের পর মৌলভীবাজার, শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেবেন। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কোট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী ও নারায়ণগঞ্জ সফর শেষে ২৩ জানুয়ারি ঢাকায় ফিরবেন।এরপর ২৪ জানুয়ারি তিনি চট্টগ্রাম হয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা সফর করে আবার ঢাকায় ফিরবেন।দলীয় কর্মসূচির অংশ হিসেবে ২৬ জানুয়ারি বরিশালের বেস পার্কে বিভাগের সব জেলার নেতাকর্মীদের নিয়ে একটি বড় সমাবেশ বা পথসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। পরবর্তীতে তিনি মাদারীপুরের মোস্তাফাপুর মাঠ, ফরিদপুরের ভাঙ্গা, মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জ সফর শেষে ঢাকায় ফিরবেন।দলীয় সূত্র আরও জানায়, এই সফরে তারেক রহমান জনগণের সামনে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ রাষ্ট্রপরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনি প্রস্তুতি জোরদার করা হবে।এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
