বিশ্বশান্তি রক্ষায় অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ৬ জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তরভাবে জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা সম্মাননা ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হচ্ছে।আগামী ৫ জুন আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।সম্মাননা পাওয়া বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন— প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল।তারা আব্বেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর এক আকস্মিক ড্রোন হামলায় নিহত হন।এ বছর বিশ্বজুড়ে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তরভাবে এই পদক দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বাংলাদেশের এই ৬ জন বীর সন্তানও রয়েছেন।বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা বিবেচিত হচ্ছে।
