রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে ঘিরে রংপুর নগরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ধর্মপ্রাণ মুসল্লিদের শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে নগরীর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ ময়দানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও রংপুর সিটি করপোরেশন।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় রংপুরের কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। টানা বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থাও। আবহাওয়া প্রতিকূল হলে নগরীর কাচারীবাজার মডেল মসজিদে একই সময়ে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী ডন বলেন, “ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ঈদগাহ মাঠ সম্পূর্ণ প্রস্তুত। পরিচ্ছন্নতা, নিরাপত্তা, বিদ্যুৎ, পানি ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।”
