আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এই জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৫ মে) সকালে এ তথ্য জানা গেছে।তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত হবে।আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করেন এবং ঈদের দিন ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন।জাতীয় ঈদগাহে অনুষ্ঠিতব্য প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
