পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুবাহী গাড়িকে জোর করে নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন আহসান হাবীব পলাশ।রোববার (২৪ মে) দুপুরে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে গাবতলী বাস কাউন্টারও পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক।তিনি জানান, ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তা জোরদারে র্যাবের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। আহসান হাবীব পলাশ বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি হাটগুলোতে কন্ট্রোলরুমও স্থাপন করা হয়েছে।
