হবিগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চরম অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিচ্ছে শিশুরা। বেড সংকটে অনেক রোগীকে স্যাঁতসেঁতে ও নোংরা মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালটির শিশু ওয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা যায়।ওয়ার্ডের প্রতিটি বেড রোগী ও স্বজনদের ভিড়ে পূর্ণ ছিল। অনেক শিশুকে মেঝেতে বিছানা পেতে স্যালাইন চলমান অবস্থায় চিকিৎসা নিতে দেখা গেছে। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশে শিশুদের অসুস্থতা আরও বাড়ছে এবং নিজেরাও নানা রোগে আক্রান্ত হওয়ার শঙ্কায় রয়েছেন।লাখাই উপজেলা থেকে আসা মঞ্জুরা বেগম তাঁর দুই বছর বয়সী ছেলে আবদুল মোমিনকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্বর ও কাঁপুনি নিয়ে আসা শিশুটি স্যাঁতসেঁতে ও নোংরা বিছানায় চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, “কিতা করতাম, আর কোনো উপায় আছেনি?”চুনারুঘাট উপজেলার শিবলি আক্তার জানান, ঠান্ডা ও জ্বর নিয়ে ভর্তি হওয়া তাঁর আট মাস বয়সী শিশুর হাসপাতালে থাকার কয়েকদিন পর ডায়রিয়া শুরু হয়েছে। হাসপাতাল থেকে প্রয়োজনীয় স্যালাইন না পাওয়ায় বাইরে থেকে কিনে চিকিৎসা চালাতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।এদিকে ওয়ার্ডে দীর্ঘ সময়েও কোনো পরিচ্ছন্নতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি। এর মধ্যেই চা-বিস্কুট নিয়ে এক হকারকে শিশু ওয়ার্ডে অবাধে ঘুরে রোগীর স্বজনদের কাছে পণ্য বিক্রি করতে দেখা যায়। এতে হাসপাতালের স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা।
