আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপদ ঈদযাত্রা, পশুর হাটের নিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, শপিংমলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। একই সঙ্গে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।সম্প্রতি সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জননিরাপত্তা ও নির্বিঘ্ন ঈদ উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি বলেন, পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে, যা ঈদের আগে সাত দিন এবং পরে সাত দিন কার্যকর থাকবে। এছাড়া জরুরি হটলাইনও সক্রিয় রাখা হবে।পশুর হাটে নিরাপত্তা জোরদার, জাল টাকা প্রতিরোধ ও অনলাইন প্রতারণা ঠেকাতে বিশেষ নজরদারি থাকবে বলেও জানান তিনি।র্যাব জানিয়েছে, ঈদকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সাইবার মনিটরিং টিম।
