দেশের মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই ও যানজট নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ-এর হাইওয়ে ইউনিটকে আরও আধুনিক ও শক্তিশালী করার দাবি উঠেছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে হাইওয়ে পুলিশ-এর জন্য জরুরি ভিত্তিতে উন্নত যানবাহন, উচ্চক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল, আধুনিক ক্যামেরা ও নজরদারি ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।তাদের মতে, চট্টগ্রাম-সিলেট মহাসড়ক, কুমিল্লা, ময়মনসিংহসহ দেশের গুরুত্বপূর্ণ হাইওয়েগুলোতে উন্নত প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা ও দ্রুতগতির টহল যানবাহন প্রয়োজন। এতে মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখা সহজ হবে বলে মনে করা হচ্ছে।এছাড়া ট্রাফিক ও হাইওয়েতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কল্যাণেও বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বর্ষাকালে উন্নত মানের রেইনকোট সরবরাহ, ঋতুভিত্তিক আরামদায়ক পোশাক, উন্নত খাবারের ব্যবস্থা এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় সরঞ্জাম বৃদ্ধি। জনস্বাস্থ্য সুরক্ষায় ধুলাবালি ও দূষণ থেকে সুরক্ষার জন্য ট্রাফিক ও হাইওয়েতে কর্মরত সদস্যদের মানসম্মত মাস্ক ব্যবহারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।সংশ্লিষ্টদের দাবি, উচ্চপদস্থ কর্মকর্তাদের অতিরিক্ত বিলাসী সুবিধা কিছুটা কমিয়ে নিম্নপদস্থ কর্মকর্তা ও সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানো উচিত। বিশেষ করে বিসিএস-বহির্ভূত সদস্য ও ট্রাফিক সার্জেন্টদের জন্য আবাসন, চিকিৎসা ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।তাদের মতে, মাঠপর্যায়ে নিরলসভাবে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের জীবনমান উন্নত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও ইতিবাচক পরিবর্তন আসবে।
