নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনকে সহযোগিতা করার পরিবর্তে ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি করেন এবং আদালত চলাকালীন সময়ে আদালত অবমাননাকর আচরণ করেন। তার এই আচরণ ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের শামিল। এসব অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এর আগে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সঙ্গে ইউপি চেয়ারম্যানের বাকবিতণ্ডা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।ভাইরাল হওয়া ভিডিওতে ইউপি চেয়ারম্যানকে ইউএনওকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়,“স্বাক্ষর করার আগে আমাকে বলেন। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, মোবাইল কোর্ট করার আগে আমাকে বলতে হবে।”স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, লেঙ্গুরা বাজার এলাকায় সরকারি জমি দখল করে মো. পারভেজসহ কয়েকজন ব্যক্তি অবৈধভাবে মার্কেট নির্মাণ করছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে পারভেজকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়।পরবর্তীতে ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যান উপস্থিত হলে প্রশাসনের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়, যা শেষ পর্যন্ত প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গড়ায়।
