বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপিকর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ডান হাত কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।সোমবার (১৮ মে) উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ভয়াবহ ঘটনা ঘটে।নিহত মিঠু শেখ ওই গ্রামের ওহেদ শেখের ছেলে এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।স্থানীয় সূত্র ও থানা পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে বাড়ির পাশের কলাক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিঠু শেখ। পথে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহতের ভাই মিজান শেখ জানান, হামলাকারীরা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে গেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, “মিঠু শেখ হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।”এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।”
