বরগুনার পাথরঘাটার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই আইনজীবীর মধ্যে কথা কাটাকাটির জেরে পাল্টাপাল্টি জুতা নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটেছে।রোববার (১৭ মে) সকাল প্রায় ১১টার দিকে আদালত কক্ষে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় বিচারক নিজ চেম্বারে অবস্থান করছিলেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে আদালতের কার্যক্রম শুরুর আগে আইনজীবীরা নিজ নিজ চেম্বার থেকে আদালতে আসেন। এ সময় অ্যাডভোকেট লাকির মহুরি (আইনজীবীর সহকারী) মিরাজ আহমেদ, অ্যাডভোকেট মঞ্জুর গাড়িতে করে উকিল বারে আসেন। বিষয়টি নিয়ে অ্যাডভোকেট লাকি ক্ষোভ প্রকাশ করলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে সিনিয়র আইনজীবীরা চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব হয়নি। পরে আদালত কক্ষে প্রবেশের পর উত্তেজনা আরও বেড়ে যায় এবং একপর্যায়ে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতি ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।পরবর্তীতে আদালতের কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত আইনজীবীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
