মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে যোগদানের মাত্র সাত দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।আদেশে বলা হয়েছে, মৌলভীবাজারের এসপি মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে আগামী ১৬ মে’র মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করবেন। তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে আদেশে কিছু উল্লেখ করা হয়নি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, ‘আড়াই কোটি টাকার চুক্তিতে’ মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হন রিয়াজুল ইসলাম। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত অর্থ পরিশোধ না করায় তাকে প্রত্যাহার করা হয়েছে—এমন আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে।এ বিষয়ে বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
