রাজধানীর লালবাগ এলাকায় সরকারি খাসজমি দখল করে গড়ে তোলা সাবেক সংসদ সদস্য হাজি সেলিম-ঘনিষ্ঠ মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন।বুধবার (১৩ মে) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানমের নেতৃত্বে পরিচালিত অভিযানে দীর্ঘদিন ধরে দখলে থাকা স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।জেলা প্রশাসন সূত্র জানায়, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি প্রায় দুই দশকের বেশি সময় ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও ব্যবহার করে আসছিল মদিনা গ্রুপ। এ ঘটনায় উচ্ছেদ মোকদ্দমা ৭৭/২০২৫-এর আলোকে গত ১৩ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় চিঠি ইস্যু করেন।পরে দখলদার পক্ষ উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নিলেও সরকারপক্ষ সিভিল বিবিধ মামলা দায়ের করলে গত ১২ মে চেম্বার জজ আদালত আগের স্থগিতাদেশ স্থগিত করেন। এর পরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
