দুর্নীতির মামলায় ‘ছাগল কাণ্ডে’ আলোচিত মতিউর রহমান-এর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।সোমবার (১১ মে) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক শামীমা আফরোজ এ নতুন তারিখ নির্ধারণ করেন।জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে মতিউরের পক্ষে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম।মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। এতে এক কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।এছাড়া, অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগও করা হয়। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ও ২৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।২০২৪ সালের ঈদুল আজহায় আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো-র একটি ছাগল। ১৫ লাখ টাকায় কেনা সেই ছাগলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।ওই সময় মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত সাদিক অ্যাগ্রো থেকে ‘উচ্চবংশীয়’ ছাগল কেনার ঘটনায় ভাইরাল হন। পরে মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে আসে। পরবর্তীতে মতিউর রহমান গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে আছেন।
