গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ডাক বাংলোর একটি সরকারি জমি লিজকে কেন্দ্র করে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে তাকে ঘুষের অঙ্ক নিয়ে কথা বলতে শোনা যায়।ভিডিওতে দেখা যায়, জমি লিজ নিতে আগ্রহী এক ব্যক্তির সঙ্গে নিজ কার্যালয়ে বসে আলাপ করছেন সিইও নজরুল ইসলাম। সেখানে তিনি বলেন, “সময় বেশি নেই, এক সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি শেষ করতে হবে। এক কোটির দরকার নেই, আপনি ৮০ লাখ টাকায় ফাইনাল করবেন। তবে ৭৫ লাখের নিচে নামা যাবে না।”জানা যায়, গত ২৪ মার্চ দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই ভিডিও ফুটেজ গণমাধ্যমের হাতে আসে।ভিডিওতে সিইওকে আরও বলতে শোনা যায়, “খুব দ্রুত প্রশাসক নিয়োগ হয়ে যাবে। এই প্রশাসক হবে পলিটিক্যাল, বিএনপির প্রশাসক। আওয়ামী লীগের সঙ্গে একটা স্যাটেল ছিল, তাদের যেকোনো বিষয় বোঝানো যেত। কিন্তু বিএনপির প্রশাসককে বোঝানো যাবে না।”ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি সম্পত্তি লিজকে কেন্দ্র করে এমন ঘুষ বাণিজ্যের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
