কুষ্টিয়ার মিরপুরে মাদক মামলার এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে ৮ পিস ইয়াবাসহ আটক করে আমলা ক্যাম্প পুলিশ। পরে তাকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়।এ সময় রবিউলকে ছাড়িয়ে নিতে থানায় যান স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা। তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের কাছে আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশের কাজে বাধা ও অযৌক্তিক চাপ সৃষ্টির অভিযোগে পাঁচজনকে হেফাজতে নেয় পুলিশ।আটককৃতরা হলেন— এনামুল হক (৪৫), সুজন আলী (৩৩), আলাউদ্দিন (৪৩), শফিকুল ইসলাম (২৫) ও সাইদুল ইসলাম (৩৯)। তাদের মধ্যে চারজন জামায়াতের নেতা এবং একজন বিএনপি সমর্থিত ইউপি সদস্য বলে জানা গেছে।মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “রবিউল ইসলাম নামে এক মাদক আসামিকে আমলা ক্যাম্প পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। পরে জামায়াতের চার নেতা ও বিএনপির একজন বর্তমান মেম্বার তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পুলিশের কাজে বাধা দেওয়ায় তাদের হেফাজতে নেওয়া হয়েছে।”তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
