রাজধানীর অভিজাত এলাকা বারিধারায় বিলাসবহুল ফ্ল্যাটসহ বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, তার ঘোষিত আয়ের সঙ্গে বাস্তব সম্পদের বড় ধরনের অমিল রয়েছে।তথ্য অনুযায়ী, পঞ্চম গ্রেডের এই সরকারি কর্মকর্তা বেতন পান সর্বোচ্চ ৮০ হাজার টাকা। চাকরিতে যোগদানের পর থেকে এখন পর্যন্ত তার মোট আয় প্রায় ৮০ লাখ টাকার মতো হওয়ার কথা। কিন্তু তিনি বারিধারার কূটনৈতিক জোনে প্রায় ১২ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করছেন।সূত্র জানায়, এনবিআরের অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) শাহ মোহাম্মদ মারুফ ও তার পরিবারের (স্ত্রী ও ভাই-বোন) নামে-বেনামে প্রায় ৩০ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। যদিও আয়কর নথিতে তিনি মাত্র ৪ কোটি ১ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ দেখিয়েছেন।এছাড়া, আড়াই বছর আগে বারিধারার মতো অভিজাত এলাকায় নিজের স্ত্রীর নামে ১২ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনলেও আয়কর জটিলতার কারণে সেটি এখনও নিবন্ধন করা হয়নি বলে জানা গেছে। ভবন সংশ্লিষ্টদের দাবি, ওই ফ্ল্যাটের অভ্যন্তরীণ সাজসজ্জাতেই খরচ হয়েছে কয়েক কোটি টাকা।এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
