কুমিল্লার দেবীদ্বার উপজেলা-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ছাব্বির হোসেন হত্যা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তি মুকবল হোসেন মুকুল (৪৫) ৯ নম্বর গুনাইঘর (উত্তর) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি জানান, ছাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মুকুল হোসেন উপজেলার গুনাইঘর গ্রামের মৃত ইসমাইল হোসেন সরকারের ছেলে। তিনি একই ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন এবং দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্র সংসদ-এর সাবেক জিএস হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আন্দোলনের পর থেকে তিনি পলাতক ছিলেন।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে দেবীদ্বার উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করলে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাব্বির হোসেন (১৯)। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মুকুলকে আসামি করা হয়।
