বাংলাদেশ পুলিশের ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ছয় মাসের বাস্তব বা মাঠপর্যায়ের প্রশিক্ষণের জন্য একযোগে দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে।এর আগে তারা রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন।মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পিআরবি ভলিউম-১ এর প্রবিধান ৭৯০ অনুযায়ী এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সম্মতি গ্রহণ করা হয়েছে।বাস্তব প্রশিক্ষণের জন্য সংশ্লিষ্ট ইউনিট ও জেলায় সংযুক্ত হওয়া শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বেতন ও অন্যান্য ভাতা নিজ নিজ বদলি হওয়া ইউনিট থেকেই উত্তোলন করতে পারবেন।প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
