রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজযাত্রী দম্পতির অর্থ চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় পরিচালিত অভিযানে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়ালের মধ্যে সাড়ে ১৭ হাজার রিয়াল এবং ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।শুক্রবার হজক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান ও নাদিম। চুরির ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।তদন্তে জানা যায়, গত ২২ এপ্রিল হজযাত্রী ইমান আলীর ব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা চুরি হয়। হজযাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি কৌশলে অর্থ নিয়ে পালিয়ে যায়।পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী থেকে নাদিমকে আটক করা হয়। পরে মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চুরি হওয়া অর্থের বড় একটি অংশ।তবে ঘটনার মূল হোতা আব্দুল মান্নান এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে সৌদি আরবের মক্কা থেকে ভুক্তভোগী ইমান আলী অর্থ উদ্ধারের খবরে সন্তোষ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
