ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাট–চন্দ্রদ্বীপ সংযোগ সড়ক ও সেতু নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় ২ কোটি ৭০ লাখ ৪০ হাজার ৪৩৫ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পে সামান্য বৃষ্টিতেই একাধিক স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘প্রগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় প্রায় ২০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু এবং সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স কালাম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের গার্ডওয়ালের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ফাঁকা তৈরি হয়েছে। একই সঙ্গে সংযোগ সড়কের বিভিন্ন অংশে ফাটল ও গর্ত সৃষ্টি হয়ে কার্পেটিং ভেঙে পড়েছে। এতে পুরো সেতু ও সড়ক ব্যবস্থাই ঝুঁকির মধ্যে পড়েছে।স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, এখনো নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি। সামান্য বৃষ্টিতেই এমন অবস্থার সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং নিম্নমানের কাজের অভিযোগও উঠছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
