হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁও–এ ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও বিগত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথভাবে ব্যয় না হওয়ায় কিছু কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে তিনি দাবি করেন, হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে এবং ভ্যাকসিনসহ মানবসম্পদের কোনো সংকট নেই।একই অনুষ্ঠানে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশকে বিশেষ সহায়তা প্রদান করে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৬ লাখ মার্কিন ডলার মূল্যের “জিন এক্সপার্ট কার্ট্রিজ” এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্সের যক্ষ্মা (টিবি) চিকিৎসা ওষুধ হস্তান্তর করেন।স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক সহায়তা সংক্রামক রোগ মোকাবেলায় দেশের সক্ষমতা আরও জোরদার করবে।
