ঢাকার নিউমার্কেট এলাকায় অস্ত্রধারীদের গুলিতে নিহত ব্যক্তি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত হয়েছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহীদ শাহ নেওয়াজ হলসংলগ্ন রাস্তায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।শুরুতে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম।পুলিশ জানায়, ৫২ বছর বয়সী টিটন দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। ঢাকার রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় তিনি আধিপত্য বিস্তার করতেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ইমন টিটনের ছোট বোনকে বিয়ে করেছেন। মূলত ইমনের প্রভাবেই তিনি অপরাধ জগতে শক্ত অবস্থান গড়ে তোলেন বলে আলোচনা রয়েছে।আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর টিটন জামিন পেলেও আইনি জটিলতায় মুক্তি পাননি। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্যান্য শীর্ষ সন্ত্রাসীদের মতো তিনিও কারামুক্ত হন।পুলিশ আরও জানায়, জামিনে মুক্তির পর তিনি নিয়মিত আদালতে হাজিরা দেননি। তার অনুপস্থিতির কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।উল্লেখ্য, ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, টিটন তাদের মধ্যে অন্যতম ছিলেন।
