ফরিদপুর জেলার বহুল আলোচিত জেলা রেজিস্ট্রার (ডি.আর) শফিকুল ইসলামকে ঘিরে উঠেছে ভয়াবহ দুর্নীতির অভিযোগ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এই কর্মকর্তাকে বাইরে থেকে পরিপাটি ও সৎ মনে হলেও তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলিল বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরে যোগদানের শুরু থেকেই তিনি দলিল সংক্রান্ত বিভিন্ন কাজে অনিয়মের মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। জেলার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে তিনি প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করছেন বলে অভিযোগ।ফরিদপুর জেলা সদরসহ মোট ৯টি সাব-রেজিস্ট্রি অফিস রয়েছে—সদর, মধুখালী, নগরকান্দা, ভাঙ্গা, চরভদ্রাসন, বোয়ালমারী, সদরপুর, সালথা ও আলফাডাঙ্গা। এসব অফিসে প্রতি মাসে প্রায় ১০ থেকে ১১ হাজার দলিল সম্পাদিত হয়। অভিযোগ রয়েছে, প্রতিটি দলিল থেকেই নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করা হয়, যা তার নিয়ন্ত্রণেই পরিচালিত হচ্ছে।এছাড়া, প্রতি মাসে তিনি তার সহযোগীদের মাধ্যমে অন্তত এক হাজার টাকা হারে অতিরিক্ত অর্থ আদায় করছেন, যা মিলিয়ে মাস শেষে কোটি টাকার বেশি অবৈধ লেনদেন হচ্ছে বলে দাবি স্থানীয়দের।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।
