নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। তাদের ভাষ্য অনুযায়ী, “জেল খাটলে কেমন লাগে”— এই অদ্ভুত কৌতূহল থেকেই ছয় শিশু ও কিশোর মিলে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এ তথ্য জানান। তিনি বলেন, নিহত শিশুর পরিচয় শনাক্তের পাশাপাশি এ ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্যও উদঘাটন করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল বিকেলে ফতুল্লা রেললাইন এলাকার একটি পরিত্যক্ত ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে শিশুটির পরিচয় নিশ্চিত করা হয়—তার নাম হোসাইন, বয়স ১১ বছর। গত ১৮ এপ্রিল বাসা থেকে বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ ছিল।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ছয়জন শিশু ও কিশোর পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। তাদের উদ্দেশ্য ছিল জেলে গেলে কেমন অভিজ্ঞতা হয়, তা নিজেরা উপলব্ধি করা— যা শুনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
