যশোরে দুই দিনের ব্যবধানে আবারও প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মণিরামপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়য়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কপালিয়া বাজার এলাকায় তার মাছের বরফ তৈরির একটি কারখানা রয়েছে। এলাকায় তিনি দীর্ঘদিন ধরে ‘চরমপন্থী নেতা’ হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় সাবেক শ্রমিক নেতা ওলিয়ার রহমান হত্যাকাণ্ডের মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করতে এগিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর কপালিয়া বাজারসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে বলে জানান তিনি।
নির্বাচনকে সামনে রেখে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক আরও বেড়েছে। উল্লেখ্য, এর দুই দিন আগে শনিবার সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর এলাকায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকেও দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।
