ভোক্তা পর্যায়ে আবারও এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৪ জানুয়ারি) এ নতুন মূল্য ঘোষণা করা হয়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জানান, ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম আগের ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়ানো হয়েছিল।
এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।
সরকার নির্ধারিত নতুন দাম থাকলেও বাস্তব বাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় এলপিজির তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
বিইআরসি কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস বৃদ্ধি এবং আমদানিতে জাহাজ সংকটের কারণে এলপিজির দাম বাড়ানো হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে মূল্য পর্যালোচনা করা হবে বলেও জানানো হয়।
