কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বিশিষ্ট ব্যক্তিদের ছবি ও কণ্ঠ নকল করে ভুয়া বিজ্ঞাপন তৈরির অভিযোগে একটি প্রতারক চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শনিবার (২৫ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।পুলিশ জানায়, জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, চিকিৎসক ডা. তাসনিম জারা এবং ডা. জাহাঙ্গীর কবির-এর ছবি ও কণ্ঠস্বর হুবহু নকল করে যৌন উত্তেজক ওষুধের ভুয়া বিজ্ঞাপন তৈরি করা হতো। এসব ভিডিওতে দেখানো হতো যেন তারা নিজেরাই এসব পণ্যের প্রচার করছেন, যা দেখে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিলেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ও শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম এবং ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১টি ল্যাপটপ, ৪৭টি স্মার্টফোন, ২১টি সিম কার্ড, ২টি পেনড্রাইভ এবং বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভুয়া ভিডিও ছড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।উল্লেখ্য, গত বছরের ১৫ ফেব্রুয়ারি নিজের নামে ছড়ানো ভুয়া ভিডিও সম্পর্কে প্রথম জানতে পেরে ভক্তদের সতর্ক করেন মিজানুর রহমান আজহারী। পরে এ বছরের ২৫ ফেব্রুয়ারি এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং পরবর্তীতে মামলা দায়ের করা হয়।পল্টন মডেল থানা পুলিশ জানিয়েছে, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ৯ জন এবং ঢাকার মোহাম্মদপুর থেকে চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং এ ধরনের প্রতারণা রোধে আরও অভিযান পরিচালনা করা হবে।
