চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা-এ সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন নুরুল আবছার, ইয়াছমিন আক্তার, জাহাঙ্গীর আলম ও জয়নাল উদ্দিন। পুলিশ জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং তাদের বাড়ি বাশখালী, পটিয়া ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, সজল কান্তি দাশ নামে এক ব্যক্তিকে টার্গেট করে চক্রটি ফাঁদ পাতে। এক নারী কৌশলে তার কক্ষে প্রবেশ করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং গোপন ক্যামেরায় অজান্তে ছবি ও ভিডিও ধারণ করা হয়।এর কিছুক্ষণ পর অপর তিনজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কক্ষে ঢুকে সেই ভিডিও দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।ভুক্তভোগী প্রথমে ৫০ হাজার টাকা দিতে রাজি হলেও অভিযুক্তরা ২ লাখ টাকার কমে রাজি হয়নি। এতে সন্দেহ হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে চারজনকে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।বাংলাদেশ পুলিশ-এর সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
