এলপিজি গ্যাসের অযৌক্তিক ও অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনস্বার্থে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।
মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সহকারী সেক্রেটারি শেখ মুহাম্মদ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ সোহেল প্রধান, সেক্রেটারি আবদুল মজিদ, শহর দক্ষিণ শাখার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে মুফতি মাসুম বিল্লাহ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ জনগণের জীবনযাত্রা ইতোমধ্যেই চরমভাবে বিপর্যস্ত। এর মধ্যে এলপিজি গ্যাসের সাম্প্রতিক অতিরিক্ত ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন করে অসহনীয় চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, ভাড়াটিয়া জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং হোটেল-রেস্তোরাঁ সংশ্লিষ্টরা এই মূল্যবৃদ্ধির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরও বলেন, অনেক এলাকায় সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে বিক্রেতারা ইচ্ছেমতো দামে এলপিজি গ্যাস বিক্রি করছে। কার্যকর নজরদারির অভাবে এই অনিয়ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত মূল্য পরিশোধ করছে—যা ভোক্তা অধিকার ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী।
এমতাবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপিতে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—
এলপিজি গ্যাসের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করা, অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থ বিবেচনায় এলপিজি গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা।
