রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগ দেওয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, রাজপথে আন্দোলন শুরু হলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এনসিপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।ইসহাক সরকার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশবাসী কথা বলার অধিকার অর্জন করেছে। তবে বর্তমান শাসকগোষ্ঠী যদি আবারও ফ্যাসিবাদী আচরণ শুরু করে, তাহলে জনগণ আর বসে থাকবে না। “আমরা আবার রাজপথে নামবো, আর আপনাদের পতন ঘটাতে বেশি সময় নেবো না,”—বলেন তিনি।তিনি আরও বলেন, সরকারকে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের মৌলিক ও মানবাধিকার ফিরিয়ে দিতে হবে। অন্যথায় জনগণ বাধ্য হয়ে আন্দোলনে নামবে।নিজের বক্তব্যে তিনি অতীতের আন্দোলনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও গণবিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটাতে অনেক রক্ত ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। “ছাত্ররা যখন রাজপথে নেমেছিল, তখন আমিও নিজের তাগিদে কর্মীবাহিনী নিয়ে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমেছিলাম,”—যোগ করেন তিনি।অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
