রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রী চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ-এর শাহবাগ থানা।গ্রেপ্তারকৃতরা হলেন—আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশীদ (৪০) ও মো. মাসুম বিল্লাহ (৩৫)।শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে হাসপাতালের বেজমেন্ট-২ এর নির্মাণাধীন প্রকল্পের প্রকৌশল শাখা থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) একটি মিনি ট্রাকে করে চুরি করে নিয়ে যায় একটি চক্র। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতাল এলাকা থেকে আল মামুন সরকার ও মো. মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়। একই রাতে বাড্ডা থানা এলাকা থেকে মো. মাসুম বিল্লাহকে আটক করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি মিনি ট্রাকভর্তি চোরাই নির্মাণসামগ্রী উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সক্রিয় চোরচক্রের সদস্য বলে স্বীকার করেছে এবং হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রী চুরির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
