দেশের তিন জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। একইসঙ্গে দুই মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারকে (ডিসি) পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উপসচিব তৌসিফ আহমেদের সই রয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।অন্যদিকে, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ বদলি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া, নাটোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। তার জায়গায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোর জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এই রদবদল অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
