বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে যুবদল নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, মাদক প্রতিরোধের ঘোষণা দেওয়ায় সংশ্লিষ্টদের ওপর হয়রানি ও কঠোর আচরণ করছে পুলিশ।স্থানীয়দের অভিযোগ, মাদকবিরোধী মিছিল করা নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। একই সঙ্গে প্রকৃত মাদক কারবারিদের আড়াল করে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টার অভিযোগও ওঠে।গ্রামবাসীরা জানান, গ্রামীণ জনপদে জুয়ার আসরসহ বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। রাতে জুয়ার আসর বসে, আর দিনে লোক দেখানো অভিযান পরিচালনা করে পুলিশ—এমন অভিযোগও করেন তারা। এছাড়া পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় ফেনসিডিল, ইয়াবা, ট্যাপেন্টাডলসহ নানা ধরনের মাদকের বিস্তার ঘটেছে বলে দাবি করা হয়।সম্প্রতি উপজেলার সিধাইল গ্রামে জুয়ার আসর বসার অভিযোগও রয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে যুব সমাজকে রক্ষায় সোচ্চার হয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।গত বৃহস্পতিবার রাতে পৌর শহরে মাদকবিরোধী ঝাড়ু মিছিল বের করে যুবদল। এতে ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযোগগুলোর বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
