২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল ২০২৬ (সকাল ১০টা) থেকে ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করা এবং সার্বিক ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে নগরবাসী ও যানবাহন চালকদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে—পরীক্ষার্থীরা যথেষ্ট সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। ব্যক্তিগত যানবাহনে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের একেবারে সামনে না নেমে নিকটবর্তী কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং পরীক্ষার পরও একইভাবে ফিরে যেতে হবে।এছাড়া পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশপাশে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে কেন্দ্রসংলগ্ন সড়কে পরীক্ষার্থী ব্যতীত অন্যদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত অন্যদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
