পবিত্র হজযাত্রা-২০২৬ উপলক্ষে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এ বছর বাংলাদেশের হজযাত্রীদের প্রথম ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।উদ্বোধনের দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ৬টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৪টি সৌদি এয়ারলাইনস ‘সাউদিয়া’ এবং ৪টি ফ্লাইনাস পরিচালনা করবে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অবশিষ্ট ৫০ শতাংশের মধ্যে সৌদি এয়ারলাইনস ‘সাউদিয়া’ ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।আগামী ২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট চলবে। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা ১ জুলাই পর্যন্ত চলবে।
