রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব।রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আক্কাস আলী।গ্রেফতারকৃতরা হলেন— মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।পুলিশ জানায়, এই ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে প্রধান আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।র্যাব-২ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে মঈনের চার সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে, ঘটনার মূল আসামি মঈন উদ্দিনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।উল্লেখ্য, গত শুক্রবার (১০ এপ্রিল) সকালে সিকেডি হাসপাতালে চাঁদাবাজি ও ‘মব’ সৃষ্টির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শনিবার (১১ এপ্রিল) রাতে মামলা দায়ের করেন।ঘটনার পরপরই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতারা চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
