রাজধানীতে চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ইতোমধ্যে ঢাকার ৫০টি থানা এলাকায় শীর্ষ চার শতাধিক চাঁদাবাজের একটি তালিকা প্রায় প্রস্তুত করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, চলতি সংসদ অধিবেশন শেষ হলেই এই তালিকা অনুযায়ী শুরু হবে সাঁড়াশি অভিযান। এ জন্য ইতোমধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি এই তালিকায় রাজধানীর অপরাধ জগতের একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে। বিশেষ করে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় চাঁদাবাজদের আধিপত্য সবচেয়ে বেশি বলে জানা গেছে। এছাড়া মোহাম্মদপুর, কাফরুল, মিরপুর ও পল্লবী এলাকাকে চাঁদাবাজির হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।পরিসংখ্যান অনুযায়ী, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪৪ জন, সূত্রাপুরে ৩৭ জন এবং মুগদা থানায় সবচেয়ে কম—মাত্র ৬ জন চাঁদাবাজের নাম তালিকাভুক্ত হয়েছে।পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এবারের তালিকাটি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নির্ভুল ও তথ্যসমৃদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সিআইডি, ডিবি, এসবি ও আইএডি যৌথভাবে এই তথ্য সংগ্রহ করেছে।এদিকে ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, তালিকা চূড়ান্ত করার কাজ এখনো চলমান রয়েছে এবং খুব শিগগিরই অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
