নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার প্রায় চার বছর পর মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে, যিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।জানা যায়, ২০২২ সালের ১ জানুয়ারি সকালে সোনারগাঁও থানার সাজালের কান্দি এলাকায় একটি ডোবায় নয়ন মিয়া (৩০)-এর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা বাদী হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইউপি নির্বাচনের বিরোধকে হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়।তদন্তের একপর্যায়ে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটির দায়িত্ব নেয় পিবিআই নারায়ণগঞ্জ। দীর্ঘ তদন্ত শেষে গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে ফতুল্লা থানার ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক এলাকা থেকে কামাল হোসেন (৪৫) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়।পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে কামাল হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, ২০২১ সালের সনমান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।নয়ন মিয়া তার চাচা প্রার্থী ফিরোজ মিয়াকে সমর্থন করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকদের ক্ষোভের শিকার হন। নির্বাচনে দেলোয়ার জয়ী হওয়ার কয়েকদিন পর, ৩১ ডিসেম্বর গভীর রাতে নয়নকে একদল লোক অতর্কিত হামলা চালিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে নির্মমভাবে মারধর ও টেটা দিয়ে আঘাত করে শ্বাসরোধে হত্যা করা হয়।পিবিআই জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
