রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সায়েদাবাদ বাস টার্মিনাল ও গুলিস্তানের জিপিও লিংক রোড এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় টানা দ্বিতীয় দিনের অভিযানে প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করা হয়। একইসঙ্গে ফুটপাত দখল করে গড়ে ওঠা দীর্ঘদিনের অবৈধ স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ১০ মার্চ নগর ভবনে ডিএসসিসি, ডিএমপি ও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় সায়েদাবাদ টার্মিনালের বাইরের সব অবৈধ কাউন্টার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের অভিযান সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ।এদিকে গুলিস্তানের বায়তুল মোকাররম মার্কেট সংলগ্ন জিপিও লিংক রোড এলাকায় পরিচালিত আরেক অভিযানে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে দখলে থাকা অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় পথচারীদের চলাচল স্বাভাবিক হয়েছে।ডিএসসিসি জানিয়েছে, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে শপিংমল ও মার্কেটের সামনে ফুটপাতে কোনো ধরনের মালামাল না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সংস্থাটি আরও জানায়, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
