দেশে বর্তমানে তিন মাসের পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।রোববার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল মাসে দেশের জ্বালানি তেলের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত রয়েছে। পাশাপাশি প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান, আগামী তিন মাসের চাহিদা মেটানোর জন্য নতুন করে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলের (স্যাংশন ওয়েভার) বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। এ বিষয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে এবং সরকার আশা করছে ভবিষ্যতে এ সুযোগ পাওয়া যেতে পারে।এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত প্রায় চার লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। কৃষকদের জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হলে তা দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
