সরকারি কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে নতুন বিল পাস করেছে জাতীয় সংসদ।রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে ‘সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৬’ শীর্ষক বিলটি উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।নতুন সংশোধনী অনুযায়ী, মূল আইনের ধারা ৩৭-এর পর ‘৩৭ক’ নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী যদি—ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন,সরকারের কোনো পরিপত্র বা নির্দেশ বাস্তবায়নে বাধা দেন,যুক্তিযুক্ত কারণ ছাড়া অন্য কর্মচারীদের সঙ্গে সম্মিলিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকেন বা কাজ থেকে বিরত থাকেন,তবে এসব কর্মকাণ্ডকে ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে গণ্য করা হবে।এ ধরনের অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে সরাসরি বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর দেওয়ার মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংশোধনের মাধ্যমে প্রশাসনে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে অবহেলা রোধ করা সম্ভব হবে।
