রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে কিস্তিতে চাঁদা আদায়ের অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-২।গ্রেপ্তারকৃত ব্যক্তি জাকির হোসেন, যিনি শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুর এর ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে আটক করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলমগীর আগারগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে ভাতের হোটেল চালিয়ে আসছেন। অভিযুক্ত জাকির হোসেন ও তার সহযোগী লিটন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন সময়ে কিস্তিতে মোট ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করে। শুধু তাই নয়, তারা প্রায়ই হোটেলে বাকি টাকায় খাবার খেয়েও চলে যেত বলে অভিযোগ রয়েছে।গত ৩০ মার্চ আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে আলমগীর তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে আতঙ্কে তিনি সমিতি থেকে কিস্তিতে টাকা তুলে আরও ৫০ হাজার টাকা দেন।ঘটনার চরম পর্যায়ে ভুক্তভোগী আলমগীর ও তার পরিবার আতঙ্কে নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে।পরবর্তীতে আলমগীর থানায় মামলা দায়ের করলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় অন্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
