মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বীর মুক্তিযোদ্ধার ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত হয়েছেন অহিদুজ্জামান নাইম (৭২), তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।আহত অহিদুজ্জামান নাইম গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জমির মাপজোখ নিয়ে স্থানীয় নাসিমুল ও মনির হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার। ঘটনার দিন এ নিয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি একা মহাসড়কের পাশে অবস্থান করলে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও দনিয়া কলেজ ছাত্রলীগের সহসভাপতি তুহিন প্রধানের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়।এ সময় হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
