রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে কথিত হামলা ও হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যা মামলায় তাকে আটক করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।উল্লেখ্য, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। কর্মজীবনে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
