মৌলভীবাজারে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে, ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন থেকে মবিল (লুব্রিকেন্ট তেল) পড়ে আগুনের সূত্রপাত হয়।আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ট্রেনটি তাৎক্ষণিকভাবে থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনার পরপরই সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি পৌঁছালে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করা হবে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এদিকে, দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
