চট্টগ্রামের হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারটির আর কেউ জীবিত নেই।ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন ১০ বছর বয়সী উম্মে আইমান স্নিগ্ধা বুধবার (রাত ২টার দিকে) শেষ নিঃশ্বাস ত্যাগ করে।স্নিগ্ধা ছিলেন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ির গৃহকর্তা, মোটর পার্টস ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের মেয়ে। এর আগে একই ঘটনায় মারা যান সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান বেগম এবং ছেলে সাফায়াত হোসেন। স্নিগ্ধার মৃত্যুর মধ্য দিয়ে পরিবারটির আর কোনো সদস্য জীবিত রইল না।জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের হালিশহর এলাকায় ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলায় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাখাওয়াত হোসেনের পরিবারের চার সদস্য ছাড়াও তার প্রবাসী মেজ ভাই সামির আহমেদ, ভাইয়ের স্ত্রী পাখি আক্তার এবং ছোট ভাই শিপন হোসেন রয়েছেন।এই মর্মান্তিক ঘটনায় পুরো পরিবারটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
