গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে হামলার ঘটনায় ওসি ও এসআইসহ ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।বুধবার (২৫ মার্চ) রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে যুব জামায়াতের একদল নেতা-কর্মী থানায় প্রবেশ করেন।পলাশবাড়ি-গোবিন্দগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রশিদুল বারী জানান, যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন থানায় এসে একটি পৌর মালিকানাধীন দোকান তালাবদ্ধ করার দাবি জানান। এতে রাজি না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে থানার ভেতরেই পুলিশের ওপর হামলা চালায়।এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম, উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনসহ ৮ জন পুলিশ সদস্য আহত হন।পুলিশ সুপার জানান, কালিবাড়ি বাজারের একটি দোকান তালাবদ্ধ করা নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার পর উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক থানায় এসে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এসআই রুহুল আমিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি সরোয়ার আলম। তিনি বলেন, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
