রাজধানীর শাহজাদপুরে পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত বন্যা কস্তা (৩৬) নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা। তিনি স্বামী শোভন পালমাসহ শাহজাদপুরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে বন্যা তাঁর প্রিয় বিড়ালটিকে ঘরে না পেয়ে খুঁজতে শুরু করেন। পরে ছাদে গিয়ে দেখেন বিড়ালটি কার্নিশের ওপর রয়েছে। সেটিকে নিরাপদে আনতে গিয়ে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বন্যার ফুফু লাভলী কস্তা জানান, তাঁর কোনো সন্তান ছিল না। বিড়ালটিকেই তিনি সন্তানের মতো স্নেহ করতেন। সেই ভালোবাসার টানেই তাকে উদ্ধার করতে গিয়ে নিজের জীবন হারান।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ছালাম জানান, ঢাকায় দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিজ বাড়িতে নিয়ে গিয়ে স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে দাফন করা হবে।
