সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত মশিউর রহমান খান সম্রাট (৪০) মারা গেছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী ছিলেন।সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম। তিনি জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় সম্রাটকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ জানায়, ২০২৫-২৬ সালের মধ্যে সাভার এলাকায় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সম্রাট। চলতি বছরের ১৮ জানুয়ারি সাভারের একটি পরিত্যক্ত ভবন থেকে এক কিশোরীসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভবনের সামনে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সম্রাটকে আটক করা হয়।এরপর জিজ্ঞাসাবাদে একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
